
মোঃ আল আমিন:-
খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।
বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের দুইটিলা সেনাক্যাম্প–সংলগ্ন বাঙালি পাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোন এ কার্যক্রম পরিচালনা করে।
অনুষ্ঠানে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন

তিনি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার পরামর্শ দেন।
চারা পাওয়া স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের ভাষ্য, এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
Reporter Name 



















