
সংবাদদাতা:-
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পরিবেশ দূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার এলাকায় এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার।

অভিযান চলাকালীন বিজিবির সদস্যরা চৌমুহনী বাজার ও এর আশপাশের এলাকা থেকে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। বর্জ্য সংগ্রহের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং সুনির্দিষ্ট ও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেওয়া হয়।

বিজিবির এমন ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক পরামর্শ সাধারণ মানুষকে নিজ উদ্যোগে এলাকা পরিষ্কার রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মতান্ত্রিক হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
Reporter Name 



















