
নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারে ধানক্ষেতের পাশ থেকে এরশাদ আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এরশাদ আলী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন পাকা সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁন্দাশ ইউনিয়নের খাজুর-বাগডোব পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, এরশাদ আলী দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়িতে ফিরে আসেন এবং আর ঢাকায় যাননি। এরপর থেকে তিনি এলাকায় গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।
স্বজনদের অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়; এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকালে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: 



















