
তারিক লিটু, খুলনা: নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামীসহ কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে বাস চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে পরিবহন মালিকরা নিজেরাই সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জ পথে চলাচলকারী দূরপাল্লার বাস আপাতত বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস চালু থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে এসে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাস চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, খুলনা 



















