
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সীমান্তবর্তী সুরক্ষায় নিয়োজিত ২৭ বিজিবি মারিশ্যা জোন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোনের উদ্যোগে কমলাপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
এ সময় মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ জোনের অন্যান্য কর্মকর্তা বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
ক্যাম্পে স্থানীয় ২৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবা এবং পাহাড়ের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হবে।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















