
বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের সব অংশীদার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রুবিও ‘বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন এবং বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের সব অংশীদারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’
এতে আরো বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের বিষয়েও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারত্বের অন্যতম ভিত্তি হলো বাহরাইনের ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গত রবিবার জানিয়েছে, তারা বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 




















