
স্থানীয় সরকার নির্বাচনে ৫ ধাপে ৪ হাজার ২৯০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।’
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজে সাময়িক সফটওয়্যার জটিলতা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে। তবে এতে এনআইডিসেবা বন্ধ নেই। কারও এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে তিনি ওয়েবসাইট থেকে নিজেই তা প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর কাজে চুক্তিসংক্রান্ত জটিলতা রয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ সমস্যা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এসব বিষয় কীভাবে সমাধান করে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন আলোচনা করেছে। এটি জাতীয় সেবা হওয়ায় বন্ধ রাখা যাবে না।’
ইভিএমের বিষয়ে সানাউল্লাহ বলেন, ‘দেশের বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত ইভিএমগুলোর সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক পদ্ধতি রয়েছে। কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা কমিটির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেরও সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়গুলো নিষ্পত্তির বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে।’
এনআইডিসেবা নিয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে তিনি আরও বলেন, ‘এনআইডিসেবা আরও সহজ ও জনবান্ধব করা এবং সেবার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাইরের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য।’
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 




















