
দ্বীপজেলা ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক এই সম্ভাবনা বাস্তবে রূপ লাভ করলে দেশের চলমান জ্বালানি ও গ্যাসসংকট মোকাবিলায় নতুন দিগন্তের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু হয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা এই কূপটির পারফোরেশন কার্যক্রম সম্পন্ন হয় গত শনিবার (১৪ নভেম্বর)। ডিএসটি শুরুর পূর্বে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলাফলও বেশ সন্তোষজনক পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে গ্যাসের প্রকৃত মজুত, ভূগর্ভস্থ চাপ এবং বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য ডিএসটি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই জানা যাবে।
উল্লেখ্য, এর আগে ভোলায় শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা নামে মোট ৩টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নতুন এই ভোলা নর্থ-৩ কূপটি জেলার ১০ম গ্যাসকূপ। এর মাধ্যমে জেলার ৩টি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।
এদিকে ভোলার গ্যাস উৎপাদন আরও বাড়াতে ভোলা নর্থ-১, ভোলা নর্থ-২ ও ইলিশা-১ কূপের জন্য অতিরিক্ত গ্যাস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে একটি নতুন প্রসেস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কূপ খননের মাধ্যমে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, নতুন গ্যাসকূপ আবিষ্কার কেবল গ্যাসের মজুত বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং উত্তোলিত গ্যাস দ্রুত ব্যবহার উপযোগী করা এবং জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজনীয় প্রসেস প্ল্যান্ট, সঞ্চালন পাইপলাইন ও বিতরণ অবকাঠামো দ্রুত গড়ে তোলার ওপর তাঁরা জোর দিয়েছেন।
ভোলা নর্থ-৩ কূপের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে জেলার গ্যাসসম্পদে এক নতুন মাত্রার সংযোজন ঘটবে। একই সঙ্গে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও অন্যান্য খাতের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভোলা জেলা সংবাদদাতা: 




















