
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ (৪১) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে নাশকতার এই ঘটনায় অর্থ জোগানের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, মো. মিজানুর রহমান মীর (৫৭) ও মো. রিপন সরদার (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী এবং সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। পাশাপাশি তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। নাশকতার এই কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে ও চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনই ওই মামলার এজাহারনামীয় আসামি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গত ৯ নভেম্বর দিবাগত রাতের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর 


















