
খুলনার রূপসায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের একটি দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মাসুম খান জানান, ফকিরহাট ও রূপসা থানার মধ্যবর্তী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, খুলনা 


















