
খাগড়াছড়ির পানছড়িতে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি এবং বয়ঃসন্ধিকালে প্রয়োজনীয় পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ বেঙ্গল, খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায়, পানছড়ি সাবজোনের সহযোগিতায় এবং এসিআই লিমিটেডের ফ্রিডম ব্র্যান্ডের পরিচালনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণবের (আরএমও, ১৮ ইবি) নেতৃত্বে আয়োজিত কর্মশালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং এ সময়ে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান আশিক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স খাগড়াছড়ির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে এসিআই লিমিটেডের পক্ষ থেকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা এবং স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
এদিকে সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি : 



















