
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা–২০২৬’ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জীনামেজু অনাথ আশ্রম ও টেকনিক্যাল ইনস্টিটিউটে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছে আলীকদম জোন কমান্ডারের প্রতিনিধি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গজালিয়া সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত আশ্রমে গিয়ে এই উপহারসামগ্রী হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় করেন।

আশ্রমে আগমনকালে প্রতিষ্ঠাতামণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভদন্ত উ:নন্দ মালা, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরবর্তীতে সাব-জোন কমান্ডার আশ্রমের বিভিন্ন ভবন, কারিগরি শিক্ষার স্থাপনা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি আশ্রমের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত বলেন, “আলীকদম জোন কমান্ডার আপনাদের আমন্ত্রণপত্রটি পেয়েছেন। তিনি আপনাদের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্যই আমাকে পাঠিয়েছেন। পাশাপাশি, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তিনি আপনাদের জন্য কিছু উপহারসামগ্রীও পাঠিয়েছেন। আলীকদম জোন সব সময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।”

উৎসবের সার্বিক সহযোগিতার অংশ হিসেবে আলীকদম জোনের পক্ষ থেকে আশ্রমে বসবাসরত শিশু, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রবারণা পূর্ণিমার মতো একটি আনন্দের দিনে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন আন্তরিকতা ও উপহার পেয়ে জীনামেজু অনাথ আশ্রম ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের আমেজ। তাঁরা আলীকদম জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব সংবাদদাতা: 




















