
লামা উপজেলা সরই ইউনিয়নে মোবাইল কোর্টে জব্দকৃত বালু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সেখানকার ইউপি সদস্য বাবুল মিয়া।
অভিযোগে প্রকাশ, বিগত ০৬/০৯/২০২৬ইং তারিখ ৫নং সরই ইউনিয়নের ০৪নং ওয়ার্ডাধীন ঝটকিবন্যা পাড়া এবং মসজিদ ভিটা পাড়া এলাকায় লামা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ (তিন) লাখ ঘনফুট বালু জব্দ করেছিল। জব্দকৃত ওইসব বালু নিলাম না হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল মিয়ার জিম্মায় রাখা হয়। গত কয়েকদিন ধরে জিম্মায় থাকা বালুর উপর আবারো খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রাতভর গাড়িযোগে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এই চক্রে রয়েছে; ১) তারেক, পিতা- মোক্তার আহমদ, ২) সেলিম, পিতা- মৃত শফিক আহমদ, ৩) শোয়াইব, পিতা- অজ্ঞাত। সর্বসাং- ০৫নং সরই ইউনিয়ন, উপজেলা: লামা, বান্দরবান পার্বত্য জেলা। মেম্বার বাবুল মিয়া জানান, এসব বালু সরই ইউনিয়নের ফাতেমার দরগা নামক স্থানে নিয়ে মজুদ করা হচ্ছে। বাবুল মেম্বার আরো জানান,
বিষয়টি ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জকে জানিয়েও অবৈধভাবে উক্তোলন ও প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু চুরি থামানো যাচ্ছে না। এই বিষয়ে ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এর কাছে জানতে একাধিকবার কল করেও নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে বক্তব্য নেয়া সম্ভব হয় নাই। একই সমস্যার কারণে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যও নেয়া সম্ভব হয় নাই।
পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জব্দকৃত বালু চুরি বন্ধের দাবি জানিয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেছেন।
মোঃ ইউছুপ আলী শাহরাজ: 


















