
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১১ অক্টোবর) দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়া ব্রিজ এলাকায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়। দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এতে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। বিনামূল্যে এ সেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 



















