
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩)। স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে মমিন খার হাট বাজার পরিচালনা কমিটি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম।
এ সময় ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি ও জিএস সরফরাজ খান সুন্দর, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা, চর মাধবদিয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, যুবদল নেতা মির্জা মাসুদ রানা, আলমগীর মোল্লা, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হুসাইন, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. ফরহাদ মিয়া, আলাউদ্দিন মৃধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সোনালী সংঘ লক্ষণদিয়া রাজবাড়ী ও চর শ্যামনগর ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-১ গোলের ব্যবধানে সোনালী সংঘ লক্ষণদিয়াকে হারিয়ে জয় তুলে নেয় চর শ্যামনগর ফুটবল একাডেমি। পরে ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা আশা করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় ফুটবলের প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর 



















