
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখার উদ্যোগে লামা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল চিয়ং পাড়ায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে হাম, ডেঙ্গু, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার ১১ অক্টবোর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক মোহাম্মদ ফখরুল ইসলাম রাসেল। তিনি হাম ও ডেঙ্গু প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, শিশুদের নিয়মিত টিকাদান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম; শিশুদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষাই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রধান ভিত্তি বলে উল্লেখ করেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি বয়স্ক ও সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ, খাওয়ার স্যালাইন ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও চিয়ং পাড়ায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর সঙ্গে সাক্ষাৎ করে তার সার্বিক খোঁজখবর নেওয়া হয়। এ সময় রোগী ও তার পরিবারের সদস্যদের ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসকের পরামর্শ মেনে চলা, পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল খাবার ও ওআরএস গ্রহণ এবং প্রয়োজনে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের পাশে থেকে স্বাস্থ্যসচেতনতা ও শিক্ষা প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, শিক্ষা সচেতনতা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
নিজস্ব সংবাদদাতা: 



















