
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও স্বাবলম্বী করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মুরুং কল্যাণ ছাত্রাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা ১০ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ফরহাদুর রহমান, পিএসসি।

যুব উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সটি গত ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়। আলীকদমের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে ১০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের কম্পিউটার পরিচালনা, ডিজিটাল শিক্ষা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয় ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কম্পিউটার শিক্ষার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের পথ আরও সুগম হবে।
আগামী দিনে স্থানীয় তরুণদের চাহিদা অনুযায়ী এ ধরনের উন্নয়নমূলক ও তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান পড়াশোনা ও কর্মজীবনে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। পাশাপাশি এলাকার অন্যান্য তরুণ-তরুণীদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 



















