
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি, পুলিশ সুপার মো. মোর্তোজা আলী খান, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে খাগড়াছড়ি স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।
উত্তেজনাপূর্ণ ফাইনালে পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি সদর উপজেলা দল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।
ফাইনাল ম্যাচ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
খেলাধুলার মাঠে প্রতিযোগিতা, আর সম্প্রীতির বন্ধনে একসঙ্গে; এমন বার্তায় শেষ হয় ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি : 



















