
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেরোশাস ফোরটিন বেঙ্গলের অধিনায়ক মো. তারেকুল
ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সাজেক ও আশপাশের এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পর্যটনকেন্দ্র সাজেকসহ আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 



















