
সুরের মূর্ছনা, নৃত্যের ছন্দ, আবৃত্তির শব্দমাধুর্য আর রঙ-তুলির নান্দনিকতায় মুখর হয়ে উঠেছিল চন্দ্রঘোনা। শিল্প-সংস্কৃতির সেই বর্ণিল আয়োজনে কণ্ঠে গান, হাতে বাদ্যযন্ত্র, পায়ে নৃত্যের ছন্দ আর ক্যানভাসে রঙের খেলায় নিজেদের প্রতিভা মেলে ধরেন চার শতাধিক প্রতিযোগী।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ মোহনলাল দাশের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে শনিবার (৩ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় কাপ্তাই, রাঙ্গুনিয়া ও রাজস্থলী উপজেলার চার শতাধিক প্রতিযোগী কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ে অংশ নেন। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
কাপ্তাই শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক সঞ্চয় কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্চয় কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করে।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 















