
গুরু-শিষ্যের চিরন্তন সম্পর্কের আবেগ ও শ্রদ্ধায় চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তবলা গুরু চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশকে নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘গুরুবন্দনা’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা হতে শুরু হওয়া রাত সাড়ে ১০ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার’।

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সিনিয়র তবলা প্রশিক্ষক ও বেতার শিল্পী সুদেব কুমার দাশের পরিচালনায় ৪০ জন তবলা শিল্পীর ত্রিতালের লহড়া পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। সমবেত লহড়ায় সেলামী, কায়দা, রেলা, টুকরা ও চক্রদারের তবলার বোলে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানে ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা সমবেত ‘সরস্বতী বন্দনা’ পরিবেশন করেন। নৃত্য পরিচালনা করেন দেশবরেণ্য নৃত্যশিল্পী প্রমা অবন্তী।
মোহনবীণায় রাগ পরমেশ্বরী পরিবেশন করে দর্শকদেরকে সুর সাগরে ভাসিয়ে নিয়ে যান দেশের প্রখ্যাত গীটার শিল্পী দোলন কানুনগো। তবলায় দারুণ সঙ্গত করেছেন তিষণ ঘোষ।
অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন সংগীতগুরু রাজেশ সাহা, ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। তাঁরা বিলম্বিত একতাল, পরে মধ্য লয়ে ত্রিতালে রাগ মারু বেহাগ ও চারুকেশী পরিবেশন করেন। তাঁদের সঙ্গে তবলায় তিষণ ঘোষ এবং হারমোনিয়ামে প্রত্যয় বড়ুয়া সহযোগিতা করেন।
এ ছাড়া ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের সমবেত সংগীত এবং সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির পরিচালক হিল্লোল দাশ সুমনের নির্দেশনায় শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে গুরুজীর শিক্ষার্থীদের দলীয় অর্কেস্ট্রা ‘ সুরে সুরে গুরু প্রনাম” পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
এর আগে শিক্ষার্থীরা গুরু সুদেব কুমার দাশকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে সম্মাননা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, গুরুর প্রতি শিষ্যদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই প্রশংসনীয়। এই আয়োজন আমাদের সঙ্গীত ভুবনকে করবে সমৃদ্ধ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের এবং শ্রাবনী দাশ গুপ্তা।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 









