
মিরসরাই প্রতিনিধি:-
পবিত্র ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে উপকূলীয় এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী বেষ্টিত স্থানগুলো।
জানা গেছে, এবারের ছুটিতে উপজেলার প্রায় ১৮টি পর্যটন স্পট ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠছে। সবুজ পরিবেশ, নির্মল হ্রদ, মনোরম ঝরনা, সমুদ্রসৈকত প্রকৃতিপ্রেমী পর্যটকদেরকে কাছে টানছে। দর্শনার্থীরা দিন দিন এই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
মিরসরাইয়ের ১৮টি পর্যটন স্পটের মধ্যে রয়েছে মুহুরী প্রজেক্ট, ডোমখালী সমুদ্রসৈকত, শিল্পজোন বসুন্ধরা পয়েন্ট সমুদ্রসৈকত। এ সব স্পটে সকল বয়সী ভ্রমণ পিপাসুদের বিনোদনের অন্যতম আকর্ষণ আরশি নগর ফিউচার পার্ক, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প ও হৃদ। এছাড়া আট স্তর বিশিষ্ট জলপ্রপাত, খৈয়াছড়া ঝরনা, রূপসী ঝরনা, বাওয়াছড়া প্রকল্প, বোয়ালিয়া ঝরনা। জাতীয় অর্থনৈতিক অঞ্চলের মেরিনড্রাইভ সড়কের পাশে উপকূলীয় বন, হিলসডেল মাল্টি ফার্ম অ্যান্ড মধুরিমা রিসোর্ট ও মেলখুম ট্রেইল ইত্যাদি। এবারের ঈদে এখানকার পর্যটন গুলোকে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।
ঈদের দিন বিকেল থেকে আরশিনগর ফিউচার পার্কে মানুষের ভিড় দেখা গেছে। সব বয়সী মানুষেরা সেখানে বেড়াতে এসেছেন; আগুন্তকরা ছবি তুলছেন, গল্প করছেন। বিশেষ করে বেশি আনন্দ করতে দেখা গেছে শিশুদের। শিশুরা বিভিন্ন রাইডসে চড়তে দেখা গেছে। অনেক শিশু বিভিন্ন জীবের ভাস্কর্যের সঙ্গে ছবি তুলছেন।
এছাড়া মহামায়া ইকোপার্ক, ডোমখালী ও বসুন্ধরা সমুদ্রসৈকতে ছুটে যাচ্ছে মানুষ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এক স্থান ডোমখালী।
চট্টগ্রাম শহর থেকে আসা বেসরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন বলেন, সারা বছর ব্যস্ত থাকতে হয়। ঈদে ছুটি পেয়েছি ৬ দিনের। তাই পরিবারের সবাইকে নিয়ে মহামায়ায় বেড়াতে এসেছি। এতে বাচ্চারাও খুব মজা করছে এবং আমাদের কাছেও ভালো লাগছে।
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন থেকে মুহুরীপ্রজেক্টে বেড়াতে আসা কাউসার আহমেদ বলেন, মুহুরীপ্রজেক্ট আমার অনেকবার আসা হলেও স্ত্রীসহ প্রথমবার বেড়াতে এসেছি বেশ চমৎকার উপভোগ করছি।
আরেক পর্যটক নুরুল আমিন বলেন, সবকিছু ঠিক আছে, শুধু জোরারগঞ্জ থেকে প্রজেক্ট যাওয়ার রাস্তাটি বাঁশখালী বাজার পর্যন্ত খুব বাজে অবস্থা। মানুষ অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে মুহুরী প্রজেক্ট যাওয়া আসা করে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘ঈদের ছুটিতে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে লোকজনের আনাগোনা বেড়েছে। ঝরনায় বিশেষ সতর্কতার সঙ্গে আসা-যাওয়া করতে বলা হয়েছে। গাইড ছাড়া কেউ যেন ঝরনায় না যায় সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া আছে।’
Reporter Name 




















