
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ উপলক্ষে বরগুনার আমতলী ও পাথরঘাটায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আমতলী প্রেসক্লাব সড়ক ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে ‘অ্যাক্টিভিস্তা বরগুনা’র উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইডের সহযোগিতায় ‘এ৪টি’ প্রকল্পের আওতায় আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উভয় স্থানেই র্যালি ও মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ এবং এ৪টি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
পাথরঘাটা গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। এতে বক্তব্য দেন এ৪টি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদী শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকির চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে এবং সেই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া চলমান কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আমতলী (বরগুনা) প্রতিনিধি : 



















