
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লোগাং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফছার।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন লোগাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এসব সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল লোগাংয়ের শান্তিনগর এলাকা থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে লোগাং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি : 




















