
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এর আগেও তাকে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরাসরি অংশ নিতে দেখা গেছে। তার এমন অংশগ্রহণ স্বেচ্ছাসেবীদেরও উৎসাহিত করছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)’ এর উদ্যোগে উপজেলার বাজিতপুর (শেখপুর) বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, শেখপুর বাজারের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক-পলিথিনের ক্ষতিকর প্রভাব, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হলে সবার আগে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতার চর্চা কেবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ ধারাবাহিকতায় শিবচরে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH)। তাদের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানাই এবং সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও যদি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে এবং আমাকে আমন্ত্রণ জানায়, তাহলে আমি তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম, মো. সজিব, শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শামীম, শফিকুল ইসলাম, শেখপুর বাজার বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সেলিম আজাদ, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, সহকারি শিক্ষক আতাউল গণি, সহকারি শিক্ষক শিক্ষক শাহীন মুন্সীসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: 



















