
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির সামগ্রিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ 



















