
রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার সকালে কাউনিয়া থানা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন, অবুঝ সন্তানদের সামনে থেকে তাঁর স্বামীকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার এবং আসামিদের দ্রুত ফাঁসি দাবি করেন।
একই দাবি জানান নিহতের মা। এ সময় বড় ভাই ফিরোজ কবির মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। স্বজন ও স্হানীয় দের দাবি, দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক, রংপুর 



















