
খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন (১৮ ইবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার ঢাল্যে চরাপাড়া তাবলচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাগড়াছড়ি জোন সদর থেকে একটি বি-টাইপ প্লাস টহল দল বিশেষ অভিযানের উদ্দেশ্যে ওই এলাকায় যায়। অভিযান চলাকালে সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে মিলন চাকমার নেতৃত্বে আনুমানিক ৮ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি সেনাসদস্যদের লক্ষ্য করে ৭ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
এ সময় সেনা টহল দল পাল্টা ২৭ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ১১ রাউন্ড বল অ্যামুনিশন উদ্ধার করেন।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি : 



















