
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী তাইবা আক্তার রিয়ার স্বাভাবিক জীবন থমকে গেছে। তার দুটি পা অচল হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এই বিপুল অর্থের সংস্থান করতে পারছে না পরিবারটি।
মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তাইবা কৃষ্ণনগর গ্রামের রমজান হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
যে বয়সে বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই তাকে কাটাতে হচ্ছে অসুস্থতার সঙ্গে লড়াই করে।
পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন তারা। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসহায় পরিবারটি এখন সমাজের মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে।
এ অবস্থায় তাইবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন মানবিক সংগঠন ও সহৃদয় মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশা, সবার সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
যেভাবে সহায়তা পাঠাবেন: তাইবার চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ নম্বর দেওয়া হয়েছে। বিকাশ (পার্সোনাল): ০১৭১৫৮৬০৩০৭
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার পাশাপাশি সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েও তাইবার পাশে দাঁড়ানো যেতে পারে।
সবার সহযোগিতা পেলে ১৫ বছর বয়সী তাইবার চিকিৎসার পথ সুগম হবে; এমন প্রত্যাশায় দিন গুনছে তার পরিবার।
মানবিক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আবারও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে কিশোরী তাইবা;এটাই এখন তার পরিবারের সবচেয়ে বড় চাওয়া।
ফরিদপুর কমল কান্দা সংবাদদাতা: 


















