
রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত সৌখিন ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে ‘পর্তুগাল’ দল ৩-০ গোলের বড় ব্যবধানে ‘জাপান’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে পর্তুগালের খেলোয়াড়রা চমৎকার ফুটবলশৈলী প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাস্ত করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, স্থানীয় শিক্ষানুরাগী মোঃ ওমর ফারুক মাষ্টার, পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক এবং মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ মোহন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপস্থিত অতিথিরা আয়োজকদের এই খেলাধুলার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করায় মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সকল সদস্যদের ধন্যবাদ জানান তারা।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















