
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।
সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। তিনি পেশায় রামগড় বাজারের কসমেটিক ব্যবসায়ী।
উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-এর ‘ক’ ধারায় মামলা রুজু হয়েছে।
এমদাদ খান রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: 



















