
আজ রবিবার (৮ই নভেম্বর, ২০২৬) বিকেল ৩:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলা বিএনপি এবং এর সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি উপজেলা চত্বর থেকে একটি সুবিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে বাস টার্মিনাল ও মহালছড়ি থানা ঘাট এলাকা হয়ে পুনরায় মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক যৌথ আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ মিছিলে অংশ নেন।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্ব ও নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ, যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
র্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার-এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত অথচ গতিশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক এবং সভাপতির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন মোঃ আনোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক তাঁর বক্তব্যে বলেন:
”১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নতুন জীবন পেয়েছিল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের আলোকেই বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আজ দেশের প্রতিটি অঞ্চলে আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিশাল সমাগম প্রমাণ করে যে, সাধারণ মানুষ এখনো বিএনপির ওপর এবং আমাদের আন্দোলনের ওপর শতভাগ আস্থা রাখে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে মহালছড়ি বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন:
”ঐতিহাসিক ৭ই নভেম্বর কেবল একটি দিন নয়, এটি এদেশের স্বাধীনতাকামী মানুষের ঐক্য ও জাতীয় সংহতির প্রতীক। আজকের এই বর্ণাঢ্য র্যালি ও সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে যে মহালছড়িতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ অত্যন্ত সুসংগঠিত। শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের পথ ধরে এদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ত্যাগই আমাদের পথ রোধ করতে পারবে না। মহালছড়ির প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় সকল কর্মসূচি সফল করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি সংবাদদাতা: 



















