
ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, শিক্ষকদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমান সময়ে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর 



















