
শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলা বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

র্যালিটি থানচি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
বিদ্যালয়ের মিলনায়তনের এক আলোচনা সভায় প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী সাজমিদা আফরোজ তাবাসসুম সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ম্যাখ্যাঝনু মার্মা, সহকারী শিক্ষক ছোটন দত্ত, নুচিংথুই মার্মা, লিপি ত্রিপুরা, বিষ্ম য়ার প্রমুখ।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত ও ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন,শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিজস্ব সংবাদদাতা, (বান্দরবান)থানচি: 


















