
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
শনিবার (৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তাঁরা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রোগীদের চিকিৎসা, ওষুধ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওয়ার্ডের পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান তাঁরা।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন নেতারা। সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা পরিচালনা, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়েও তাঁরা আলোচনা করেন।
এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলে চিকিৎসাসেবার বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করেছি। সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি।”
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনবলসহ কিছু সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সেবায় কোনো ধরনের গাফিলতি না করে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”
মতবিনিময়ে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউছুফ ও মো. লিটন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তোহিদুল ইসলাম এবং সদস্যসচিব ইসমাইল হোসেন মিলন উপস্থিত ছিলেন।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 















