
রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম শিয়ালদহপাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি স্থানীয় দরিদ্র ও অসুস্থ পাহাড়ি মানুষের চিকিৎসাসেবা দেন। বিশেষ করে জটিল ও দীর্ঘদিনের রোগে আক্রান্তদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ক্যাম্পে ৪০ শিশু, ২৩ পুরুষ ও ১৭ নারীসহ মোট ১০০ জন চিকিৎসাসেবা নেন। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাঘাইহাট ব্যাটালিয়ন। স্থানীয় দরিদ্র ও অসুস্থ মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 















