
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘এস, কে ফাউন্ডেশন’-এর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা করে আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিনিধিকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলার ৮নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।
সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এস, কে ফাউন্ডেশনের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি পরিষদের নজরে আসার পর অর্থ সংগ্রহের বৈধতা, অনুমোদন ও সংগৃহীত অর্থের হিসাব নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এ পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম এস, কে ফাউন্ডেশনের ম্যানেজার শাহেনা আকতার লাকীকে কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে পাঁচটি বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এগুলো হলো—এস, কে ফাউন্ডেশনের ইউনিয়ন শাখা পরিচালনার বৈধ অনুমোদন ও নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র, জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা সংগ্রহের অনুমোদন ও উদ্দেশ্য, এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব, সংগৃহীত অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হবে এবং অর্থ সংগ্রহের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রসিদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র দেওয়া হয়েছে কি না।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়গুলোর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।
এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বৈধতা, অনুমোদন এবং অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
রেজাউল (কক্সবাজার) ঈদগাঁও সংবাদদাতা 



















