
ভোলার চরফ্যাশনে শীতের আগাম সবজি বাজারে তুলে ভালো দাম পাওয়ার আশায় মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উপক‚লীয় এই অঞ্চলের উর্বর মাটি ও অনুক‚ল আবহাওয়াকে কাজে লাগিয়ে উপজেলার দুলারহাট, নীলকমল, জিন্নাগড় ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে এখন আগাম শীতকালীন শাক-সবজি চাষের ধুম পড়েছে। বাজারে নতুন সবজির চড়া দাম থাকায় কৃষকরাও দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।
চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আগাম জাতের শিম চাষে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন তারা। ওই ওয়ার্ডের আদর্শ কৃষক মোহাম্মদ গিয়াস উদ্দিন চলতি মৌসুমে তাঁর ৭০ শতাংশ জমিতে শিমসহ বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ করেছেন। সরেজমিনে তাঁর ক্ষেতে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে শিম গাছে ফুল ও ফলন আসতে শুরু করেছে। বাজারে আগাম সবজির চাহিদা তুঙ্গে থাকায় তিনি অল্প কিছু শিম সংগ্রহ করে বাজারে ভালো দামে বিক্রিও শুরু করেছেন।
কৃষক গিয়াস উদ্দিন তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আগাম সবজি চাষে শ্রম ও সার-কীটনাশকের খরচ একটু বেশি হয়। এবার আমার প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে। তবে এখন পর্যন্ত ফলন ও বাজারের যা দাম দেখছি, তাতে সবকিছু ঠিক থাকলে খরচ বাদে অন্তত চার লক্ষ টাকা লাভ করতে পারব বলে আশা করছি। তবে তিনি কিছুটা আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, এই সময়ে পোকার আক্রমণ একটি বড় সমস্যা। যদি পোকার আক্রমণে শিমের ফুল ঝরে না যায়, তবেই কেবল এই কাঙ্ক্তি লাভ ঘরে তোলা সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও বেড়িবাঁধের পাশে প্রতি বছরই রেকর্ড পরিমাণ জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। বিশেষ করে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও লালশাক চাষে এই অঞ্চলের কৃষকরা দেশজুড়ে সুনাম কুড়িয়েছেন। আগাম চাষের ফলে কৃষকরা সাধারণ মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ দাম পেয়ে থাকেন, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, আগাম সবজি চাষ করে এই অঞ্চলের কৃষকরা সব সময়ই ভালো লাভবান হন এবং এবারও মৌসুমের শুরুতে বাজারে সবজির দাম বেশ সন্তোষজনক।কৃষকদের রোগবালাই প্রতিরোধে পরামর্শ দিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, আগাম সবজিতে কুয়াশা ও আন্দ্রতার কারণে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব একটু বেশি হতে পারে। তাই ভালো ফলন ধরে রাখতে হলে কৃষকদের সঠিক আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
ক্ষেতে বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন কৃষকরা প্রতারিত না হন, সেজন্য কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী অনুমোদিত এবং সঠিক পরিমাপের বালাইনাশক ব্যবহার করা প্রয়োজন।কৃষি বিভাগের নিয়মিত তদারকি, চরাঞ্চলে সঠিক সেচ ও বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চরফ্যাশনের কৃষকরা এবার আগাম সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে বড় সাফল্য পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 




















