
ডেস্ক রিপোর্ট:-
লামার বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ‘জাগ্রত যুব সংঘ’। সাপ্তাহ ব্যাপী লাগাতার বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে জলাবদ্ধতায় অনেক পরিবার ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে।

এমন কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে জাগ্রত যুব সংঘের স্বেচ্ছাসেবীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
প্রশাসনের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী যথাযথভাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া, উপকারভোগীদের সারিবদ্ধভাবে ত্রাণ গ্রহণে সহায়তা করা, প্রবীণ, নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সহায়তা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে রাতদিন তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।

এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীরা ধারাবাহিকভাবে কাজ করছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব; এই বিশ্বাস থেকেই জাগ্রত যুব সংঘের প্রতিটি স্বেচ্ছাসেবী নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আন্তরিকভাবে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল স্বেচ্ছাসেবী এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, “আসুন, আমরা সবাই একসঙ্গে মানবিকতার হাত বাড়িয়ে দিই। দুর্যোগ কেটে যাবে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত আমাদের সমাজকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তুলবে। মানুষের সেবায়, মানবতার কল্যাণে, এটাই জাগ্রত যুব সংঘের অঙ্গীকার।”
Reporter Name 










