
সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে খাগড়াছড়ির পানছড়ি ও লোগাং এলাকার ছয়টি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে এ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির), আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির এবং অষ্টমঙ্গলা শিব মন্দির।
বিজিবির এ উদ্যোগকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
অনুদান প্রদান শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে বিজিবির এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি : 



















