
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে লামা রাবার ডাকবাংলো অভিমুখে যাওয়ার একটি কানেক্টিং সড়কের ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে। বিষটি জানাজানি হলে প্রশাসনের হস্তক্ষেপে ইট তোলার কার্যক্রম বন্ধ করে দেয় কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকেরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ডলুছড়ি বাজার-নয়াপাড়া কোয়ান্টাম সংযোগ সড়কের সাথে কানেক্টিং (‘লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর ডাকবাংলো অভিমুখ) রাস্তা থেকে হঠাৎ করে এইচবিবি (হেরিং বোন বন্ড) ইটের সোলিং তুলে ফেলার কাজ শুরু করে কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকেরা।

সড়কে ইট তুলে নেয়ার ঘটনা জানতে পেরে ওই পথে চলাচলকারীরা প্রতিবাদ করেন এবং স্থানীয় মিডিয়া ও প্রশাসনকে জানান। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইট তোলার কাজ বন্ধ করে দেয়।
সরেজমিন অনুসন্ধাকালে জানাগেছে, ডলুছড়ি বাজার-নয়াপাড়া কোয়ান্টাম সংযোগ সড়কের সাথে কানেক্টিং (‘লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর ডাকবাংলো অভিমুখ) রাস্তা দিয়ে রাবার শ্রমিকসহ সাধারণ মানুষ যাতায়ত করেন।
কেনো হঠাৎ করে সড়কটি থেকে ইট উপড়ে সরিয়ে ফেলা হচ্ছে; এমন প্রশ্নের উত্তরে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান ‘এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিজস্ব রাস্তা, এখন এর ব্যবহার নেই এ কারণেই ইট তুলে নেয়া হচ্ছে।’ তিনি আরো জানান, ‘প্রায় এক দশক আগে পাশের একটি স্থাপনার নির্মান সামগ্রী পরিবহনের জন্য এই ইটের রাস্তাটি করা হয়েছিল। বর্তমানে এখানে চার লাখ টাকার ইট পড়ে আছে, এগুলো তুলে নিয়ে অন্য আরেকটি সড়কে ব্যবহার করা হবে।’
সরেজমিন দেখাযায়, ‘ডলুছড়ি বাজার-নয়াপাড়া কোয়ান্টাম সংযোগ সড়কের’ সাথে আরেকটি কানেক্টিং (‘লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর ডাকবাংলো অভিমুখ) রাস্তার

সংযোগ সড়কে প্রায় এক শ্ মিটার ইটের সোলিংয়ের নিচের অংশে প্রায় ১০ মিটার রাস্তার ইট তুলে নেয়া হয়। সড়কটি লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর ডাকবাংলো পর্যন্ত প্রায় এক কিলোমিটার। এর মধ্যে প্রায় একশ্ মিটার পাহাড়ে পাহাড়ের খাড়া ঢালুতে এইচবিবি (হেরিং বোন বন্ড) ইটের সোলিং রয়েছে। বাকী অংশ এখনো কাঁচা সড়ক। তবে লামা রাবার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে; সড়কের বাকী অংশে তারাও ইট বসাবেন।
এদিকে ইট তুলে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ইট বিছানো থাকায় সব ঋতুতেই তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন। কারণ ইট বসানো অংশটি খাড়া ঢালু; এখানে ইট না থাকলে বালুমাটি ধসে বর্ষার পানিতে মূল সড়কেও ভাঙ্গন দেখা দিবে। এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার বা আগের অবস্থায় ফিরিয়ে এনে সাধারণ মানুষের যাতায়াত সুগম করা হোক।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনগণ। একই সাথে লামা রাবার ইন্ডাস্ট্রির অংশেও এইচবিবি (হেরিং বোন বন্ড) ইটের সোলিং করার দাবি জানান।
নিজস্ব সংবাদদাতা: 



















